
ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৯ জন শিশু। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে সুনামগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলায়। এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৮ জনে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর আরও ৯০ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে হামে মোট ৫৮৮ শিশুর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৭০ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৫৭ হাজার ৯০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৭২২ শিশু।
এদিকে একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ৯ হাজার ৯৪ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।