
ফাইল ছবি
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রমও ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। নতুন এই নির্দেশনা সোমবার থেকেই কার্যকর হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বিষয়টি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগে থেকেই শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যে নিভিয়ে ফেলতে হবে। একই নিয়ম দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।