
নিহত রবিউল হোসেন রবি
চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি অংশে বাসের ধাক্কায় প্রাণ গেল রবিউল হোসেন রবি (২৪) নামে এক দুবাই প্রবাসী তরুণের। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজারের দক্ষিণে এমবি ইটভাটার সামনে এই নতুন দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হোসেন উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা এলাকার বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। এই ঘটনায় সাজ্জাত হোসেন নামে আরও এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন।
লেলাং ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ জানান, নিহত রবিউল হোসেন রবি পবিত্র কোরবানির ঈদ পরিবারের সাথে উদযাপন করার উদ্দেশ্যে সম্প্রতি দুবাই থেকে ছুটিতে দেশে এসেছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় ও প্রবাসীর পরিবারে এখন শোকের মাতম চলছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী রবিউল সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে পাঁচটি মোটরসাইকেলযোগে পাশ্ববর্তী মানিকছড়িতে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে ফেরার পথে নয়াবাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন তারা।
এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কা লাগে। এতে মোটরবাইক থেকে ছিটকে পড়ে রবিউল হোসেন মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুই আরোহীকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় রবি নামে ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর তরুণ সাজ্জাত হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে।