
ছবি: সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর লাঠিচার্জ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) বর্ষীয়ান এই নেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানে উপস্থিত নেতাকর্মীরা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, তোফায়েল আহমেদের মরদেহবাহী গাড়িটি যেন যথাসময়ে এবং নির্বিঘ্নে যেতে পারে, পুলিশ সেই ব্যবস্থা নিশ্চিত করেছিল। ওই সময় যারা বিশৃঙ্খলা করেছে, তাদের মধ্য থেকেই কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলমান থাকায় এই মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যাটি বলা যাচ্ছে না।
আটককৃতরা রাজনৈতিক নেতাকর্মী কি না, জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তবে আটককৃতদের মধ্যে যদি কোনো সাধারণ মানুষ থাকে, তাকে ছেড়ে দেওয়া হবে। এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮২ বছর বয়সে মারা যান বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা।