
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতি ইস্যুতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।
সোমবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপ ছিল ‘অত্যন্ত ফলপ্রসূ’। তিনি দাবি করেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।
ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহর ‘উচ্চপর্যায়ের প্রতিনিধিদের’ সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সম্মত হয়েছে যে সব ধরনের গোলাগুলি বন্ধ থাকবে। একইসঙ্গে ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাবে না এবং হিজবুল্লাহও ইসরায়েলের ওপর আক্রমণ করবে না।
তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার বা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েক বছরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্ত এলাকায় একাধিকবার সংঘর্ষ হয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধ শুরুর পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং লেবানন-ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক মহল দীর্ঘদিন ধরেই এই সংঘাতের বিস্তার ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, যদি উভয় পক্ষ সত্যিই সংঘর্ষ বন্ধে সম্মত হয়ে থাকে, তবে তা লেবানন সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।