
বলিউডের জনপ্রিয় গান ‘দোলা রে দোলা’ ঘিরে দীর্ঘদিনের একটি গুঞ্জনের অবসান ঘটালেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘দেবদাস’ সিনেমার ওই গানের শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কয়েক সপ্তাহ আগে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের সাবেক সহযোগী রুবিনা খান এক ইউটিউব পডকাস্টে দাবি করেছিলেন, ‘দোলা রে দোলা’ গানের শুটিংয়ের সময় মাধুরী চার মাসের গর্ভবতী ছিলেন। তিনি আরও বলেন, শুটিং চলাকালে অভিনেত্রীর জ্বর ছিল এবং জটিল নৃত্যভঙ্গির কারণে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছিল। এ মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে সেই দাবি নাকচ করে মাধুরী বলেন, তাঁর ছেলে আরিনের জন্ম ২০০৩ সালে, অথচ ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে। তাই সময়ের হিসাবই প্রমাণ করে যে শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না। তবে তিনি স্বীকার করেন, সে সময় শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেনভারে বসবাস করতেন এবং নিয়মিত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত করতেন। রাতভর শুটিং ও দীর্ঘ ভ্রমণের কারণে তিনি ক্লান্ত থাকতেন, যার প্রভাব শরীরের ওপর পড়েছিল।
পরিচালক সঞ্জয়লীলা বানসালি নির্মিত ‘দেবদাস’ ছিল মাধুরীর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। এতে দেবদাস চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, পার্বতীর ভূমিকায় ছিলেন ঐশ্বরিয়া রাই এবং চন্দ্রমুখীর চরিত্রে দেখা যায় মাধুরীকে।

‘ডোলা রে ডোলা’ গানের দৃশ্যে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রায়।
বিশেষভাবে আলোচিত ‘দোলা রে দোলা’ গানটিতে মাধুরী ও ঐশ্বরিয়ার যুগল নৃত্য আজও বলিউডের সেরা কোরিওগ্রাফিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তির আগে কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছিল।