
ছবি: সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে অষ্টম শ্রেণির ৪ স্কুলছাত্রকে অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৩১ মে) সকালে বাড়ি থেকে ডেকে নিয়ে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অপহৃত কিশোরদের উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃত ৪ কিশোর হলো—চকরিয়া উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন হামিম (১৫)।
ভুক্তভোগী পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে ওই ৪ কিশোরকে অপহরণ করে নিজেদের কব্জায় নেয় একটি সুসংগঠিত আন্তর্জাতিক অপহরণকারী চক্র। পরে তাদের একসাথে বসিয়ে রাখা একটি ছবি ও একটি নির্দিষ্ট নম্বর (০১৩৪৮৯৮৪৩৫০) থেকে ফোন করে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। চক্রটি হুমকি দিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণের টাকা পরিশোধ না করলে অপহৃত কিশোরদের প্রাণহানি ঘটানো হবে এবং তাদের মালয়েশিয়ায় পাচার করে দেওয়া হবে।
অপহৃতদের অভিভাবকরা চকরিয়া থানায় একটি যৌথ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় দক্ষিণ সুরাজপুর এলাকার মোহাম্মদ ইউসুফ (৪৭), তার ছেলে ইসরাক হোসেন (২০) ও স্ত্রী তানিয়া বেগম এই সুপরিকল্পিত অপহরণ কাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
অভিভাবকরা আরও জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অপহরণকারীরা এখন সরাসরি সাধারণ ফোনে কল না করে হোয়াটসঅ্যাপ মারফত ভয়েস মেসেজ পাঠিয়ে মুক্তিপণের জন্য যোগাযোগ রাখছে। তবে এই যোগাযোগের রুটটি সরাসরি বাংলাদেশ থেকে নয়, বরং ভায়া মালয়েশিয়া হয়ে করা হচ্ছে।
এই বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, স্কুলছাত্রদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দেশ এবং বিদেশে সক্রিয় থাকা এই অপহরণকারী চক্রটির সদস্যদের নিখুঁতভাবে শনাক্ত ও অপহৃত কিশোরদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশের বিশেষ টিম কাজ চালিয়ে যাচ্ছে।