
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে জমা দিয়েছে। একই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেল ৪টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, অনেক সময় ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অভিযুক্তরা আইনি সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে এ ঘটনায় সেই সুযোগ থাকবে না।
মন্ত্রী আরও বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে কোনো পক্ষ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিচারিক প্রক্রিয়ায় তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তার দাবি, সম্পূর্ণ অবহেলার কারণেই ছয় নবজাতকের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।