
ফাইল ছবি
হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো, যুক্তরাজ্য থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত জরুরি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জন্য স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সুইজারল্যান্ড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ দুটি কার্গো কেনার ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে আরও তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয় বিধিমালা অনুসরণ করে এসব এলএনজি সংগ্রহ করা হবে।
অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষ সপ্তাহ ও জুলাইয়ের প্রথম সপ্তাহে তিনটি কার্গো দেশে পৌঁছাবে। এর মধ্যে একটি কার্গো সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং বাকি দুটি কার্গো যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে সংগ্রহ করা হবে।
আন্তর্জাতিক বাজার থেকে এই তিন কার্গো এলএনজি আমদানিতে সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ টাকা। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংকট এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।