
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি কারামুক্ত হন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা ১২টি মামলায় আদালত জামিন মঞ্জুর করার পর প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিতের আবেদন করলেও আপিল বিভাগের চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। এছাড়া আরও ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিনও আপিল বিভাগ বহাল রাখে।
সব মিলিয়ে ১২ মামলায় জামিন বহাল থাকার আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর আইভীর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তির সময় তার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারাগারের বাইরে উপস্থিত ছিলেন।