
আলোচনার টেবিলে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝেই আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুপক্ষের মধ্যে নিবিড় আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে বৈরুত ও তেলআবিবের যৌথ সম্মতি মিলেছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন এই চুক্তি অনুযায়ী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর সম্পূর্ণরূপে হামলা বন্ধ করবে। একই সঙ্গে তারা দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে তাদের সব সদস্যদের সরিয়ে নেবে। সীমান্তবর্তী অঞ্চলগুলো সুরক্ষিত করার লক্ষ্যে ওই এলাকা থেকে হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীকে হটিয়ে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ নেবে লেবাননের রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী।
প্রসঙ্গগত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জের ধরে গত মার্চ মাস থেকে দক্ষিণ লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিপরীতে হিজবুল্লাহও ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা রকেট ও ড্রোন আঘাত হানে।
সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘাত ও বিমান হামলায় এ পর্যন্ত এক হাজারের বেশি লেবাননি নাগরিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। নতুন এই যুদ্ধবিরতি চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতিতে কিছুটা স্বস্তির আভাস মিলবে বলে আশা করা হচ্ছে।