
রূপক ছবি
ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত যাত্রাপথে দুর্ঘটনা ও প্রাণহানির চিত্র তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
তাদের প্রতিবেদন অনুযায়ী ২১ মে থেকে ২ জুন, এই তেরো দিনে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯২টি। এতে নিহত হয়েছেন ২৮১ জন। আহত হয়েছেন ৮৩৭ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু।
এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেলে, ১২৪ জন। থ্রি-হুইলার ৪৮ জন। ট্রাক ও পণ্যবাহী যানবাহন দুর্ঘটনায় ৩২ জন। বাস দুর্ঘটনায় ২১ জন। প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স ১১ জন এবং স্থানীয় যানবাহন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যান্য পথের মধ্যে রেলপথে দুর্ঘটনা ২২টি দুর্ঘটনায় ১৭ জন নিহত। এসময়ে নৌপথে দুর্ঘটনা ঘটেছে ১৩টি। যাতে ৮ জনের মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ৯৫টি দুর্ঘটনায় ১০১ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম ৯টি দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যাতে ৭ জনের মৃত্যু হয়েছে।
জেলার হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি ফরিদপুর জেলায়। উল্লেখিত ১৩ দিনে জেলাটিতে ১৯টি দুর্ঘটনায় ২৮ জন মারা গেছেন।