
সংগৃহীত ছবি
বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আরও উসকে দেবে।
বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, কয়েক মাস আগেও বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও এখন গ্যাস ও বিদ্যুতের মূল্য একসঙ্গে বাড়ানো হয়েছে।
গোলাম পরওয়ারের ভাষ্য, গ্রাহক পর্যায়ে বিভিন্ন ধাপে মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী। বিদ্যুৎ খাতে দুর্নীতি, সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের সমস্যা সমাধান না করে সাধারণ মানুষের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর শর্ত পূরণের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকার জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন।
আসন্ন বাজেট ও সংসদ অধিবেশনের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়াকে অযৌক্তিক উল্লেখ করে জামায়াত নেতা বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদে আলোচনা হওয়া উচিত ছিল। তিনি সরকারের প্রতি দ্রুত বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণের জন্য স্বস্তির পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।