
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করলেও তিনি আপাতত পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একসঙ্গে দুই দায়িত্ব পালনের নজির রয়েছে এবং বিষয়টি নিয়ে তাড়াহুড়ার কোনো কারণ নেই।
তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ তুলে ধরে বলেন, তিনি একই সময়ে দুটি দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে একাধিক দায়িত্ব সমন্বয় করে পরিচালনা করা আরও সহজ বলেও মন্তব্য করেন খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের অর্জন উল্লেখ করে তিনি বলেন, এই সাফল্য দেশের মানুষের এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত ও দৃঢ় সমর্থনের ফল। দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার সফল পরিণতি হিসেবে তিনি এ বিজয়কে বাংলাদেশের ভবিষ্যতের প্রতি উৎসর্গ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে এক বছরের জন্য ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।