
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ঠিক আগে ব্যাট হাতে ঝড় তুলে দেশের নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন দিলারা আক্তার দোলা। নেদারল্যান্ডসের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২২ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়েছেন তিনি।
দিলারার এই রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করেই ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের এডিনবরায় বৃহস্পতিবার (৪ জুন) বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচটির দৈর্ঘ্য নেমে আসে মাত্র ৮ ওভারে। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ডাচ বোলারদের ওপর চড়াও হন দিলারা। শেষ পর্যন্ত ২৬ বলে ৫১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন তিনি, যা সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়।
এর আগে ২০১৯ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২৮ বলে ফিফটি করে এই রেকর্ডের মালিক ছিলেন রুমানা আহমেদ। দীর্ঘ সাত বছর পর রুমানাকে ছাড়িয়ে এখন দেশের নারী ক্রিকেটে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির নতুন রেকর্ডধারী দিলারা আক্তার।
বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দিলারার ৫১ রানের পাশাপাশি জয়িতার ১৩ এবং সোবহানার অপরাজিত ১১ রানের ওপর ভর করে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রানেই থমকে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ডাচদের রান পাহাড়ে আটকে রাখতে বল হাতে দুর্দান্ত অবদান রাখেন ফারিয়া ও রিতু; তাঁরা দুজনেই দুটি করে উইকেট শিকার করেন। ১৩ রানের এই জয়ের ফলে জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ দল।
অবশ্য শেষ ম্যাচে এমন দাপুটে জয় পেলেও টুর্নামেন্টে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আগেই টেবিলের শীর্ষস্থান ও শিরোপা নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিক স্কটল্যান্ড, যার ফলে বাংলাদেশের শিরোপা স্বপ্ন ভেস্তে যায় আগেই। তবে ট্রফি জিততে না পারার আক্ষেপ থাকলেও, বিশ্বকাপের ঠিক আগে শেষ ম্যাচের এই জয় নিগার সুলতানা জ্যোতির দলকে মানসিকভাবে বড় স্বস্তি দেবে।
আগামী ১৪ জুন এই নেদারল্যান্ডসের বিপক্ষেই ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।