
সংগৃহীত ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় সম্পৃক্ত করতে সারা দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন আগামী ৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় আড়াই হাজার কলেজে ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় সরকার, আইসিটি বিভাগ, এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় নতুন দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম চালু করা হয়েছে।
নতুন পাঠ্যক্রমের আওতায় শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ লাভ করবে। এসব বিষয় পাঠদানের জন্য ইতোমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার প্রস্তুত করা হয়েছে, যারা পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবেন।
উপাচার্য জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো উচ্চশিক্ষাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের আধুনিক দক্ষতায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মবাজারে বাংলাদেশের মানবসম্পদের প্রতিযোগিতা বাড়ানো। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমি সংযোগ বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও পরিবেশ সুরক্ষায় ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদের চীনা, জাপানি, কোরীয়, স্প্যানিশ, ইতালীয় ও আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই কোটির বেশি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০৩০ সালের মধ্যে শিল্প-একাডেমি সংযোগের হার ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও জানিয়েছে।