
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানের ধারাবাহিকতায় এবার ৭৮ জন বিদেশী নাগরিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও কাজের সুযোগ দেওয়ার অপরাধে এক স্থানীয় মালয়েশিয়ান রেস্তোরাঁ ব্যবসায়ীকেও মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। শুক্রবার (৫ জুন) মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের জোহর শাখা এক বিবৃতিতে এই দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন বিভাগ জানায়, গত ৪ জুন জোহরের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর বিশেষ সেশনস কোর্টে ডেপুটি প্রসিকিউটর জেনারেল বিভাগের মাধ্যমে এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ও মামলা পরিচালনা করা হয়। আদালতে শুনানির সময় অভিযুক্ত ৭৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে মালয়েশিয়ার বিভিন্ন ধরণের অভিবাসন আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— কোনো ধরণের বৈধ পাস বা ভিসা ছাড়া অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ভিসার নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় ধরে অবস্থান করা, জাল পাস কিংবা ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার, পূর্বে বহিষ্কৃত হওয়ার পরও পুনরায় দেশে প্রবেশ এবং জাল ভ্রমণ নথি রাখাসহ পাসপোর্টের চরম অপব্যবহার করা। শুনানিকালে অভিযুক্ত ৭৮ জনের প্রত্যেকেই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেন।
আদালত সার্বিক দিক বিবেচনা করে অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী ১ থেকে ৫ মাসের কারাদণ্ড এবং একই সঙ্গে ১ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থদণ্ডের আদেশ দেন। এদিকে, অভিবাসন আইনের ধারা ৫৫ই(১) অনুযায়ী ১৭ জন অবৈধ অভিবাসীকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ ও বসবাসের সুযোগ দেওয়ার অপরাধে এক মালয়েশিয়ান রেস্তোরাঁ মালিককে ৮৫ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের জোহর শাখা আরও জানিয়েছে, বিচারিক কার্যক্রম চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাদের এনফোর্সমেন্ট বিভাগ আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। ফলে আদালতের পুরো কার্যক্রম অত্যন্ত নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। দেশের আইন শৃঙ্খলার স্বার্থে অভিবাসন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ।