
লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং ক্রিশ্চিয়ানো রোনালদো
বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে গা-গরমের শেষ সুযোগ হাতছাড়া করতে চায় না ফুটবল বিশ্বের শীর্ষ পরাশক্তিরা। আজ শনিবার (৬ জুন) রাতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল এবং ইউরোপের অন্যতম দাবিদার পর্তুগাল। তবে দলগুলোর মাঠের লড়াইয়ের চেয়েও এখন ফুটবলপ্রেমীদের সব কৌতুহল আবর্তিত হচ্ছে তিন মহাতারকা—লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা না-খেলা নিয়ে।
আর্জেন্টাইন শিবিরে স্বস্তির সুবাতাস বইয়ে দিয়ে মাঠে ফেরার জোর সম্ভাবনা তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসির। হ্যামস্ট্রিং বা মাসল ইনজুরির কারণে শুরুতে দলের সাথে পুরো দমে অনুশীলন করতে না পারলেও, এলএমটেন এখন অনেকটাই ফিট। আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি আশার বাণী শুনিয়ে জানিয়েছেন, মেসি ইতিমধ্যেই দলের সাথে আংশিক স্কোয়াড অনুশীলন শুরু করেছেন। হন্ডুরাস কিংবা আইসল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রস্তুতি ম্যাচ দুটির যেকোনো একটিতে অন্তত কিছু সময়ের জন্য হলেও খুদে জাদুকরকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।
মেসির বর্তমান অবস্থা নিয়ে স্কালোনি বলেন, সে এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছে। দলের সাথে ওর অনুশীলন করাটা ইতিবাচক। আমরা বেশ আশাবাদী যে প্রস্তুতি ম্যাচের কোনো একটা অংশে তাকে আমরা মাঠে পাব।
তবে মূল ম্যাচের আগে গোলপোস্টের নিচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে চান আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। প্রথম ম্যাচে নিয়মিত বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে হুয়ান মুসোকে পরখ করে দেখতে পারেন স্কালোনি। আর এর পরের ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে জেরোনিমো রুলিকে।
আর্জেন্টিনা শিবিরে স্বস্তি থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ক্যাম্পে এখনো শঙ্কার মেঘ কাটেনি। সেলেসাওদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এবার আফ্রিকান পরাশক্তি মিশর। তবে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে পোস্টার বয় নেইমার জুনিয়রকে। ইনজুরি কাটিয়ে এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি, চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
নেইমারের অনুপস্থিতিতে সেলেসাও বস কার্লো আনচেলত্তি মিশর ম্যাচে তরুণ ও বিকল্প ফুটবলারদের দেখে নেওয়ার দারুণ একটা সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে নামার আগে বেঞ্চের শক্তি ও নতুন কম্বিনেশন বাজিয়ে দেখতে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ইতালিয়ান কোচ।
অন্যদিকে, ইউরোপীয় মহাদেশে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল। আর এই ম্যাচ দিয়েই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নামতে পারেন। পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ নিশ্চিত করেছেন, চিলির বিপক্ষে সিআরসেভেনকে শুরুর একাদশে বা ম্যাচ চলাকালীন মাঠে নামানোর জোরালো সম্ভাবনা রয়েছে। দলের সেরা তারকাকে বিশ্বকাপের মূল মঞ্চে নামানোর আগে কিছুটা গেম-টাইম দিতে চান তিনি।
ভিজুয়াল স্টোরি