
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা পেয়েছেন, তবে দলের প্রশাসনিক স্টাফের কিছু সদস্যকে ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে টুর্নামেন্টে অংশ নেওয়া ফুটবলারদের ভিসা দেওয়া হয়েছে। তবে কিছু সহায়ক স্টাফ এখনও অনুমতি পাননি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, যেসব কর্মকর্তাকে ভিসা দেওয়া হয়নি তাদের মধ্যে আছেন—ফুটবল ফেডারেশনের নির্বাহী পরিচালক মেহদি খারাতি, মহাসচিব হেদায়াত মোম্বিনি এবং মিডিয়া পরিচালক মোহসেন মোতামেদকিয়া।
ভিসা না পাওয়া এসব কর্মকর্তা দলের সঙ্গে মেক্সিকোতে যাবেন এবং পরে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলবে বলে জানানো হয়েছে।
এর আগে শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, খেলোয়াড়দের ভিসা দেওয়া হয়েছে। তবে তার একদিন আগে মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসান্দিদেহ দাবি করেছিলেন যে ভিসা এখনও মেলেনি।
ইরানের প্রথম ম্যাচ ১৬ জুন, লস অ্যাঞ্জেলেসে। নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত দলটির অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
ভিসা জটিলতার কারণে ইরান তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করেছে। দলটি আগামী রোববার তিজুয়ানায় পৌঁছানোর কথা রয়েছে।
গ্রুপ পর্বে ইরান নিউজিল্যান্ডের পর লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে।
উল্লেখ্য, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, যিনি অতীতে আইআরজিসি-তে দায়িত্ব পালন করেছিলেন, ডিসেম্বর মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রবেশের অনুমতি পাননি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল