
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাত সাংবাদিক।
শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রিন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম এবং এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে সম্মাননা পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলাওয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন এবং একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, কৃষি ও কৃষি-শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত নিয়ে আরও অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, কৃষি প্রক্রিয়াজাত শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত। সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে এ খাত পোশাক শিল্পের পর দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতে পরিণত হতে পারে।
দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প নিয়ে মানসম্পন্ন সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যে এবারই প্রথম ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ চালু করেছে প্রাণ গ্রুপ। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মূল্যায়নের ভিত্তিতে তিন সদস্যের জুরি বোর্ড সাতজন বিজয়ীকে নির্বাচন করে।