
বাংলা টেলিগ্রাফ গ্রাফিক্স
দেশের প্রান্তিক জনগণের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ৩ জুন জারি করা এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হয়। শয্যা সংখ্যা বাড়ানো হলে স্থানীয় পর্যায়েই বেশি সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।
সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। তারা অবকাঠামোগত সক্ষমতা, ভবন সম্প্রসারণের সুযোগ, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও নথিপত্র সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত সেবার সক্ষমতা বাড়বে। ফলে রোগীদের জেলা বা বিভাগীয় হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে নির্দেশনাটি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে এবং ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমে তা প্রকাশ করেছে।
সূত্র: বাসস