
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনে গেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফর উপলক্ষে আজ রোববার (৭ জুন) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তথ্য ও গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল এ সফরে অংশ নিচ্ছে। সফরকালে চীনের তথ্য মন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।