
মালয়ালম অভিনেতা সালিম কুমার
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান মালয়ালম অভিনেতা সালিম কুমার মারা গেছেন। শনিবার রাতে ৫৬ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। রোববার ভারতের কেরালা রাজ্যের দক্ষিণ পারাভূর এলাকার নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
শেষকৃত্যে পরিবারের সদস্য, সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন। জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ পারাভুর টাউন হলে রাখা হয়। পরে বিকেল ৩টায় নিজ বাসভবনে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সালিম কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক প্রকাশ করেছে কেরালা সরকারও।
২০১০ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পান সালিম কুমার।
কমেডি ও চরিত্রাভিনয়—উভয় ক্ষেত্রেই অসাধারণ দক্ষতার জন্য পরিচিত সালিম কুমার মালয়ালম চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল