
বিশ্বকাপের ঢেউ লেগেছে বলিউডেও
১১ জুন দিবাগত রাত থেকে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ আসর ‘বিশ্বকাপ ফুটবল’। বিশ্বকাপ এলে বিশ্বজুড়ে যে উন্মাদনা তৈরি হয়, তার হাওয়া থেকে মুক্ত নন রূপালি পর্দার তারকারাও। লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ত শিডিউল সামলেও প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে তারা মেতে ওঠেন ফুটবল উৎসবে। বিশেষ করে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে বলিউড পাড়া স্পষ্ট দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
চলুন জেনে নেওয়া যাক, বলিউডের কোন তারকা ফুটবলে কোন দলকে সমর্থন করেন।
বলিউডের একটা বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনার নীল-সাদা জার্সির জয়জয়কার। বিশেষ করে ফুটবল জাদুকর লিওনেল মেসির জাদু বলিউডের কিং খান থেকে শুরু করে হালের তরুণ তারকাদেরও বুঁদ করে রেখেছে। শাহরুখ খান ফুটবল খেলা ভীষণ পছন্দ করেন। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর মেসির প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্টও করেছিলেন তিনি। কিং খানের মনে আর্জেন্টিনার জন্য রয়েছে বিশেষ এক ভালোবাসা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল শৈলী এবং ‘সুন্দর ফুটবল’-এর ভক্ত সংখ্যাও বলিউডে কম নয়। পেলের দেশের হলুদ সবুজ জার্সির প্রতি তারকাদের টান বহুদিনের। বচ্চন পরিবারে ফুটবলের কথা উঠলেই সবার আগে আসে ব্রাজিলের নাম। অমিতাভ বচ্চন ফুটবলে ব্রাজিলের পুরোনো ও একনিষ্ঠ সমর্থক। বাবার এই ভালোবাসা ধরে রেখেছেন ছেলে অভিষেক বচ্চন-ও।
বলিউডের বিগ বির মতো ‘ভাইজান’ সালমান খানও ফুটবল মৌসুমে ব্রাজিলের হলুদ জার্সিকেই বেছে নেন। অন্যদিকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকেও পরিবারের সঙ্গে ব্রাজিলের খেলা উপভোগ করতে দেখা গেছে। এছাড়া ববি দেওল ব্রাজিলের অন্ধ ভক্ত এবং ব্রাজিলিয়ান তারকা নেইমারের বড় অনুরাগী।
অন্যদিকে রণবীর কাপুর শুধু ফুটবল দেখতে ভালোবাসেন না, নিজেও দারুণ ফুটবল খেলেন। অল স্টারস ফুটবল ক্লাবের হয়ে নিয়মিত মাঠে দেখা যায় তাকে। তিনি আর্জেন্টিনা দলের একজন কট্টর সমর্থক। একবার লিওনেল মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগও পেয়েছিলেন রণবীর। এই কিংবদন্তি ফুটবলারকেই নিজের রোল মডেল মনে করেন তিনি।
এছাড়া বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ানের মতো তরুণ তারকারাও ফুটবলের বড় ভক্ত। বিশ্বকাপের সময় আর্জেন্টিনার জার্সি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের।
বলিউডের অন্যতম বড় ফুটবলপ্রেমী জন আব্রাহাম। তিনি ভারতীয় সুপার লিগের ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসি’র মালিক। আন্তর্জাতিক ফুটবলে জন বরাবরই জার্মানির সমর্থক।
প্রিমিয়ার লিগের ভারতের অফিশিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর রণবীর সিং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে-এর খেলার বড় ভক্ত। সেই সূত্রে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের প্রতিও তার আলাদা টান রয়েছে। তবে ব্যতিক্রম তার স্ত্রী দীপিকা পাড়ুকোন; তিনি আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে অর্জুন কাপুর চেলসি ক্লাবের পাশাপাশি ইংল্যান্ড ও বেলজিয়ামের আন্তর্জাতিক ম্যাচগুলোও নিয়মিত অনুসরণ করেন।
পর্দায় যারা কোটি কোটি দর্শককে বিনোদন দেন, মাঠের ফুটবলে তারাই আবার একেকজন সাধারণ সমর্থকের মতো আবেগপ্রবণ হয়ে ওঠেন। প্রিয় দলের জয় ও পরাজয়ে তাদের উচ্ছ্বাস আর মন খারাপের গল্পগুলোই প্রমাণ করে ফুটবল সত্যিই এক সর্বজনীন আবেগের নাম।