
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই ও উদ্ভাবনী উৎপাদন পদ্ধতি গ্রহণ এখন সময়ের দাবি। তিনি বলেন, পণ্যের মান, আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি।
মঙ্গলবার (৯ জুন) বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফোরাম (আইএএফ) ও ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (আইএলএসি) প্রতি বছর ৯ জুন দিনটি পালন করে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভোক্তারা শুধু মান নয়, উৎপাদনের নৈতিকতা, সামাজিক দায়িত্ব এবং পরিবেশগত প্রভাবও বিবেচনায় নিচ্ছেন। তাই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই।
তিনি আরও জানান, অ্যাক্রেডিটেশন একটি আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ ব্যবস্থা, যা পণ্য ও সেবার গুণগত মান যাচাই করে বৈশ্বিক বাজারে আস্থা তৈরি করে। এর মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) দেশের পণ্য ও সেবাকে আরও গ্রহণযোগ্য করে তুলছে।
এ পর্যন্ত ১৬৮টি প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়েছে এবং পাঁচটি ক্ষেত্রভিত্তিক স্কিমের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
শেষে তিনি আশা প্রকাশ করেন, বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস দেশের মান অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে।
সূত্র: বাসস