মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জুন ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার

টাঙ্গাইলে সাতসকালে ঝরে গেল ৪ প্রাণ


tangail-accident

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া পিকআপভ্যান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৫টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মুরগিবোঝাই পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতা এত বেশি ছিল যে, পিকআপভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজন যাত্রী প্রাণ হারান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ এবং তারা মুরগি ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট কর্মী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হাইওয়ে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন বলেন, “দুর্ঘটনার পর নিহত চারজনের মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে এবং তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, নিহতদের পরিবারের সদস্যরা থানায় এসে পৌঁছালে এবং আইনিপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, সাতসকালে ঘটে যাওয়া এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কালিয়া ঘোনারচালা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।