
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হরমুজ ঘিরে গত কয়েক মাস ধরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে দুইজন মার্কিন সেনাসদস্য ছিলেন। তবে দুর্ঘটনার পর তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। এটি শত্রুপক্ষের গুলিতে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে-সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। এমন পরিস্থিতিতে হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাইলটরা নিরাপদে আছেন এবং কেউ আহত হননি। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পরে প্রকাশ করা হবে।
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী অ্যাপাচি হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফ/এ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করে আসছে। সংঘর্ষ শুরুর পর থেকে ইরান বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
এরই মধ্যে সোমবার ইরান জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, ইসরায়েল ও ইরান পাল্টাপাল্টি হামলা থামিয়েছে।