মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৯ জুন ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে আরও কমল সোনার দাম


Gold Price

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে সোনার দাম। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) বৃদ্ধির প্রভাব একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বজায় রয়েছে। আর এর ফলে বিশ্ববাজারে  দর পতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতুটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৯ জুন) জিএমটি সময় দুপুর ১টা পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৯ দশমিক ৯৮ ডলারে নেমে আসে। এর আগে সোমবার সোনার দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।

একই সময়ে আগস্টে সরবরাহের চুক্তিতে মার্কিন সোনার ফিউচার মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে সোনার মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমছে এবং বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বন্ডের দিকে ঝুঁকছেন।

এর মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও পুরোপুরি স্থিতিশীল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।

এদিকে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ২০২৬ সালজুড়ে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। এমনকি সুদের হার কমানোর সিদ্ধান্ত ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলেও ধারণা দেওয়া হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭০ শতাংশের বেশি বলে ধরে নিচ্ছেন বাজারসংশ্লিষ্টরা।

উচ্চ সুদের হার দীর্ঘ সময় বজায় থাকার আশঙ্কায় বহুজাতিক ব্যাংক সিটি সোনার স্বল্পমেয়াদি মূল্য লক্ষ্যমাত্রা কমিয়েছে। ব্যাংকটি আউন্সপ্রতি সোনার লক্ষ্য মূল্য ৪ হাজার ৩০০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ডলারে নির্ধারণ করেছে। তাদের মতে, শক্তিশালী ভৌত চাহিদা না থাকলে বর্তমান উচ্চমূল্য ধরে রাখা কঠিন হবে।

বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণসমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, গত শুক্রবার তাদের স্বর্ণের মজুত শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯২৯ দশমিক ৬২ মেট্রিক টনে নেমে এসেছে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৬৭ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৫০ দশমিক ৩৩ ডলার। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২১১ ডলারে পৌঁছেছে।