মঙ্গলবার । জুন ৯, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৯ জুন ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

প্রথম ওয়ান ডে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের লড়াকু পূঁজি


BD vs Aus ODI

মোসাদ্দেক হোসেন অপরাজিত ৮৬ রান করেন

তিন ব্যাটার মোসাদ্দেক হোসেন, তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান সংগ্রহ করে। তানজিদ হাসান ৫৪, শান্ত ৬৭ এবং মোসাদ্দেক হোসেন অপরাজিত ৮৬ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল ধীরগতির। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসান ও তানজিদ হাসানের ওপেনিং জুটি ভেঙে যায়। ১০ রানের মধ্যে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস ৫ রানে সাইফ হাসানকে আউট করেন।

এরপর দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন তানজিদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই জুটির সৌজন্যে দলীয় স্কোর ১০০ ছাড়ায়। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর ৪৪ বলে ৫৪ রান করে আউট হন তানজিদ, তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

দলীয় ১০৬ রানে তানজিদ ফেরার পর ক্রিজে আসেন লিটন দাস। শান্তর সঙ্গে ১৯ রানের জুটি গড়ে তিনি ৭ রানে ফিরে যান, আউট হন অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাট রেনশের বলে।

এরপর হাফ-সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইনিংস বড় করার চেষ্টা করেন শান্ত। তবে তিনিও বেশিদূর যেতে পারেননি। ৮৬ বলে ৬৭ রান করে রেনশের দ্বিতীয় শিকার হন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা।

১৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান তাওহিদ হৃদয় ও দীর্ঘ বিরতির পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন। দুজন মিলে ৯০ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

তাওহিদ হৃদয় ৫১ বলে ৩১ রান করে আউট হলেও অপর প্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে যান মোসাদ্দেক। তিনি ৪৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

শেষদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ রান এবং তানভীর ইসলাম ৫ রান করে আউট হলে ৪৫তম ওভারে ২৩৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর অষ্টম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ৩৩ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত ৭০ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করেন তিনি।

তাসকিন আহমেদ ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৩টি উইকেট নেন। লিয়াম স্কট ও ম্যাট রেনশ নেন ২টি করে উইকেট।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস