
ছবি: সংগৃহীত
জামালপুর ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় এক রাতে আটটি আলাদা স্থানে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ হয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা। মঙ্গলবার (৯ জুন) রাত ১২টা থেকে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা এলাকায় এই ঘটনাগুলো ঘটে৷
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার এলাকায়, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২-এর পাশে কুচুনিমারা এলাকায়, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর এলাকায়, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা এলাকায়, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর এলাকায়, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট এলাকায়, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এলাকায় এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল রাতে এই চেষ্টাগুলো চালায় তারা। তবে ব্যর্থ হয়। আমাদের স্থানীয় বাসিন্দারা অনেক সজাগ রয়েছে। পাশাপাশি যে-কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।















































