মঙ্গলবার । জুন ৯, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৯ জুন ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
শেয়ার

মমতার বাড়িতে সিআইডি


Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধীদলীয় নেতা মনোনয়ন সংক্রান্ত তথাকথিত ‘জাল স্বাক্ষর’ মামলার তদন্তে তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও দলীয় কার্যালয়ে হানা দিয়েছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে সিআইডির একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যায়। তাদের সঙ্গে স্থানীয় থানার পুলিশ এবং নারী পুলিশ সদস্যরাও ছিলেন। তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা সেখানে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র সংগ্রহের চেষ্টা করেন।

বিতর্কের সূত্রপাত হয় গত মে মাসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে জমা দেওয়া একটি প্রস্তাবনাকে ঘিরে। অভিযোগ ওঠে, ওই নথিতে কয়েকজন টিএমসি বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল। এ বিষয়ে দুই বিধায়ক আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয় এবং পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে টিএমসির সাধারণ সম্পাদক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক ব্যানার্জীকে একাধিকবার তলব করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, বিধানসভায় জমা দেওয়া বিতর্কিত প্রস্তাবটি তিনি ফরোয়ার্ড করেছিলেন। তবে তিনি এখন পর্যন্ত সশরীরে হাজির হননি এবং আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে জাল স্বাক্ষর বিতর্ক ঘিরে টিএমসির অভ্যন্তরীণ সংকট আরও তীব্র হয়েছে। কয়েকজন বিধায়ক অভিযোগ করেছেন, তাদের অনুমতি ছাড়াই স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। বিষয়টি দলটির মধ্যে বিভাজন ও নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

তবে টিএমসি নেতৃত্ব অভিযোগগুলো অস্বীকার করে আসছে এবং ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। অন্যদিকে সিআইডি জানিয়েছে, তদন্ত আইন অনুযায়ী এগিয়ে চলছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও নথিপত্র যাচাই করা হচ্ছে।