
ফাইল ছবি
দেশীয় মূলধন সংগ্রহ বৃদ্ধি এবং অর্থনীতির সামগ্রিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পুঁজিবাজারে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের এনসিপি সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি স্বীকার করেন, বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে এবং বাজারের বিকাশে সহায়ক বেশ কয়েকটি আর্থিক পণ্য এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।
অর্থমন্ত্রী জানান, বাজার তদারকি ও কার্যকারিতা বাড়াতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়েছে। পাশাপাশি কমিশনে অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীদের অন্তর্ভুক্ত করে নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা জোরদার করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো এবং চলমান সংস্কার কার্যক্রমের ফলে পুঁজিবাজারে নতুন গতি সৃষ্টি হবে। এর মাধ্যমে জনগণের সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তর এবং অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি অর্জনে পুঁজিবাজার আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।













































