
ফাইল ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় ব্যাংকের মালিকানা, পরিচালনা ও চলমান আন্দোলন প্রসঙ্গে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংক নিয়ে অভিযোগ উত্থাপন করলে তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলকে ইসলামের সঙ্গে একাকার করা উচিত নয়। সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন তিনি।
ব্যাংকটিতে চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের স্বার্থ ও মালিকানা আইন অনুযায়ী সুরক্ষিত থাকবে। তবে গ্রাহকদের আড়ালে থেকে একটি পক্ষ ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের আন্দোলনের মাধ্যমে উদ্দেশ্য সফল হবে না বলেও সতর্ক করেন।
চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের নিয়োগ বা অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজন হলে যে কোনো সময় পর্ষদ পুনর্গঠন বা অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন সংশোধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করা হবে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে প্রায় ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগও খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দেন।
এর আগে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন, অতীতে এস আলম গ্রুপ ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নিয়েছে। বর্তমান সরকার আবারও বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে অনিয়মের সুযোগ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত মে মাসে চেয়ারম্যান পদে পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকটির একাংশের গ্রাহক ও শেয়ারহোল্ডাররা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই নিয়োগের বিরোধিতা করে আসছেন।







































