
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর নাখালপাড়ার একটি বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের প্রশ্নে সরকারের ভেতরেই ভিন্নমত দেখা যাচ্ছে। কেউ দলটির অংশগ্রহণের বিরোধিতা করছেন, আবার কেউ শর্তসাপেক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগের কথা বলছেন। এতে সরকার নিজেই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। আওয়ামী লীগের একটি অংশ এখনো সরকারের বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকায় এ ধরনের দ্বিধা সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা ব্যক্তিদের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। সরকারি দায়িত্বে থেকে প্রচারণা চালানো এবং সরকারি লোগো ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।
এনসিপির মুখপাত্রের দাবি, কয়েকজন সিটি করপোরেশন প্রশাসক সরকারি পদে থেকেই নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছেন, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পরিপন্থী। তাই নির্বাচনে অংশ নিতে হলে সংশ্লিষ্টদের আগে পদত্যাগ করা উচিত বলে মত দেন তিনি।
এ ছাড়া আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাট ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তুলে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান আসিফ মাহমুদ।













































