মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ জুন ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

বাজেটে পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর


pay-scale

ফাইল ছবি

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের বড় সুখবর দিচ্ছে সরকার। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত বেতন পাওয়া শুরু করবেন তারা। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ সামলাতে এই নতুন কাঠামো বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে প্রাথমিকভাবে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে দেশের ইতিহাসে বৃহত্তম ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পেশ করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় চমক হিসেবে থাকছে এই নতুন বেতন স্কেল। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এটি একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে করা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা সুপারিশকৃত মূল বেতনের ৫০ শতাংশ পাওয়া শুরু করবেন। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে পরবর্তী অর্থবছরে (২০২৭-২৮)। আর ২০২৮-২৯ অর্থবছর থেকে বেতন ও অন্যান্য সব ধরনের ভাতা পূর্ণাঙ্গ নতুন কাঠামো অনুযায়ী দেওয়া হবে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। কঠিন পরিস্থিতির মধ্যে আছি এবং অর্থনীতির সার্বিক অবস্থা বিবেচনা করে অনেক কিছু কাটছাঁট করতে হচ্ছে। তার মধ্যেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ও পুঞ্জীভূত মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের দিকটি গুরুত্বের সাথে দেখতে হচ্ছে।’

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় মোট ৮৪ হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। নতুন গঠন করা নবম বেতন কমিশন সুপারিশ করেছিল যে, আগামী অর্থবছরের জন্য বাড়তি ১ লাখ কোটি টাকা প্রয়োজন হবে। সেই অনুযায়ী কমিশনের সুপারিশ পুরোপুরি একবারে বাস্তবায়ন করতে গেলে শুধু বেতন-ভাতার্থেই সরকারের ব্যয় হতো ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বিশাল ব্যয়ের চাপ সামলাতেই শেষ পর্যন্ত তিন ধাপে বাস্তবায়নের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ।

এর আগে, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীতে ফেব্রুয়ারিতে নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর, গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিই মূলত তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করে।

গত মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে অর্থমন্ত্রীর বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকে এই তিন ধাপে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর গত ২১ মে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি পুনরায় বৈঠক করে আগামী ১ জুলাই থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন চালুর বিষয়টি চূড়ান্ত করে, যা আসন্ন বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।