
ছবি: সংগৃহীত
বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা রক্ষায় নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে এ শুভেচ্ছা জানান।
পোস্টে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের অবদানও তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আহত শান্তিরক্ষী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তারেক রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জাতিসংষের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করে বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের মর্যাদা বৃদ্ধি করেছেন। বর্তমানে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী শীর্ষ দেশগুলোর অন্যতম বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করে বলেন, তাদের দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এটি নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের অগ্রগতির একটি উজ্জ্বল উদাহরণ।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সরকারপ্রধান।










































