বুধবার । জুন ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৯ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

কক্সবাজারের উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক


rohinga-arrest

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকায় এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবির থেকে বেরিয়ে স্থানীয় একটি মাছের ঘেরে অবৈধভাবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১৯ জন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোহাম্মদ নুর (৩০), মোহাম্মদ নুর আমিন (৩০), মোহাম্মদ নুর ছাদেক (২৫), মোহাম্মদ এনায়েত হোসেন (৩৫), মোহাম্মদ রশিদ আহমেদ (৩৫), মোহাম্মদ শহিদ (২৫), মোহাম্মদ রায়গুনা (১৯), মোহাম্মদ সৈয়দন্দর (২৫), মোহাম্মদ জালাল হোসেন (২৯), মোহাম্মদ হোসেন (২২), মোহাম্মদ আবু হাসেম (২৯), মোহাম্মদ নুরুর আমিন (২৬), মোহাম্মদ নুরুল সামাদ (২১), মোহাম্মদ ইমরান (২৫), মোহাম্মদ মোশারফ (২৫), জুবায়েদ (৪০), বনি আমিন (২৫), মোহাম্মদ হালেম (২২) এবং মোহাম্মদ সৈয়দ (৪০)। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন।

যে এলাকায় অভিযানটি চালানো হয়, সেটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং জিরো লাইন (শূন্যরেখা) থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। বিজিবি কর্মকর্তারা জানান, রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের শিবিরের বাইরে অবাধ চলাচল কিংবা স্থানীয় কোনো পেশায় যুক্ত হওয়ার আইনি অনুমতি নেই। এ ধরনের কর্মকাণ্ড ক্যাম্পের বাইরে তাদের বিভিন্ন অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা শ্রমের কাজে ব্যবহার না করেন।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবির মাধ্যমে আটককৃত ১৯ রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্ত ও স্থানীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।