বুধবার । জুন ১০, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

হরমুজে মার্কিন এপাচি হেলিকপ্টার ভূপাতিত করলো ইরান


apache

হরমুজ প্রণালির কাছে একটি অত্যাধুনিক মার্কিন এপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এই কথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও জানান, হেলিকপ্টারটিতে থাকা দুই মার্কিন সেনা সদস্য নিরাপদে উদ্ধার হয়েছেন এবং তারা আহত হননি।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ‘এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ওমান উপকূলের কাছে টহলরত একটি এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার সাগরে বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি পানিতে পড়ার পর দুই পাইলট প্রায় দুই ঘণ্টা সাগরে ভাসমান ছিলেন। পরে একটি চালকবিহীন উদ্ধার নৌযান তাদের উদ্ধার করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, সমুদ্রে মার্কিন বাহিনীর ড্রোনের মাধ্যমে এটি ছিল প্রথম সফল উদ্ধার অভিযান।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানকে দায়ী করলেও মার্কিন সামরিক কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কারণ নিশ্চিত করেননি। ট্রাম্প দাবি করেন, ঘটনার পেছনে ইরানের সম্পৃক্ততার বিষয়ে তিনি নতুন তথ্য পেয়েছেন বলেই এ অভিযোগ করেছেন।

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ঘটনাটি ঘটেছে। ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে, যা ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বিশ্বব্যাপী খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যচাপ তৈরি হয়েছে।

তবে উত্তেজনার মধ্যেও ট্রাম্প এখনও আশাবাদী যে ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটি সমঝোতা চুক্তি সম্ভব হবে। সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার এই দ্বিমুখী পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

বাংলা টেলিগ্রাফ স্পোর্টস- বিটিএস