
ছবি : বিবিসি
হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে ইরানের কয়েকটি স্থানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়ার ঘোষণার পর মঙ্গলবার এই হামলা পরিচালনা করা হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর কাশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এছাড়া প্রণালীসংলগ্ন বন্দর নগরী সিরিকেও একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে ইরানি সংবাদমাধ্যম জানায়, হামলার সময় বন্দর আব্বাস ও জাস্ক কাউন্টির আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জাস্ক অঞ্চলটি হরমুজ প্রণালীর প্রবেশমুখের কাছাকাছি অবস্থিত।
এদিকে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে বসে থাকবে না।
এর আগে সোমবার হরমুজ প্রণালীর কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ওপর হামলার উপযুক্ত জবাব দেওয়া জরুরি। তিনি দাবি করেন, ইরান মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তার অবস্থান কার্যকরভাবে দেখিয়ে দিচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের জবাব আরও কঠোর ও শক্তিশালী হওয়া উচিত বলে তিনি মনে করেন।
সূত্র: বিবিসি