
ছবি: সংগৃহীত
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে সৌদি আরবের যৌথ নিরাপত্তা বাহিনী। সর্বশেষ মাত্র এক সপ্তাহের অভিযানেই ৭ হাজার ৭৬০ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ৪ হাজার ৬৯০ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে দেশব্যাপী এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জনকে আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জনকে সরাসরি শ্রম আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৮৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃত অনুপ্রবেশকারীদের মধ্যে ৭০ শতাংশ ইথিওপিয়ার, ২৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আটক হয়েছেন আরও ২৫ জন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী রয়েছেন।
একই সময়ে ট্রাভেল পাস বা ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য ১৪ হাজার ৪৯৫ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে (দূতাবাস/কনস্যুলেট) পাঠানো হয়েছে। এছাড়া ডিপোর্টেশন বা দেশত্যাগের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে আরও ৮৫০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় কিংবা কর্মসংস্থানের সুযোগ দিয়ে আইন লঙ্ঘনে সহায়তা করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
এ বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় অথবা পরিবহনসহ অন্য কোনো উপায়ে সহযোগিতা করে, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সাথে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয়দানের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।
সৌদি সরকার স্পষ্ট জানিয়েছে, আইন লঙ্ঘন বা অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য জানা থাকলে তা অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ জন্য মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলের বাসিন্দাদের ‘৯১১’ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ‘৯৯৯’ ও ‘৯৯৬’ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।