
ইনোলা হোমস ৩
নেটফ্লিক্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইনোলা হোমস ৩’-এর নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। এবার তরুণী গোয়েন্দা ইনোলা হোমসের (মিলি ববি ব্রাউন) সামনে হাজির হয়েছে তার জীবনের সবচেয়ে বড় ও ব্যক্তিগত রহস্য।
নতুন ট্রেলারে দেখা যায়, ইনোলা তার প্রেমিক লর্ড টিউক্সবেরির (লুই পার্ট্রিজ) সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। নিজের পরিচয় ধরে রেখে সংসার করতে পারবে কি না—এমন এক মানসিক লড়াইয়ের মধ্য দিয়েই যাচ্ছিল সে। কিন্তু তার জীবনের সবচেয়ে খুশির দিনটি হঠাৎ বিষাদে রূপ নেয়। এক রহস্যময় অশ্বারোহী এসে খবর দেয় যে, ইনোলার বড় ভাই ও বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস নিখোঁজ বা অপহৃত হয়েছেন।
ভাইকে বাঁচাতে এবার বিয়ের আসর ছেড়ে কনের বেশেই বিপজ্জনক অভিযানে নেমে পড়ে ইনোলা। এবারের মামলার তদন্তে তাকে যেতে দেখা যাবে দ্বীপরাষ্ট্র মাল্টায়। ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বিলি আইডলের বিখ্যাত গান ‘হোয়াইট ওয়েডিং’ ব্যবহার করে এক টানটান উত্তেজনার আবহ তৈরি করা হয়েছে।
ন্যান্সি স্প্রিঙ্গারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিজ’ বই সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে এই তৃতীয় কিস্তি। অ্যাকশনে ভরপুর এই সিনেমাটি পরিচালনা করেছেন ফিলিপ বারান্তিনি এবং চিত্রনাট্য লিখেছেন জ্যাক থর্ন।
এবারের পর্বেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন (ইনোলা হোমস), লুই পার্ট্রিজ (লর্ড টিউক্সবেরি), হেনরি ক্যাভিল (শার্লক হোমস)।
এর আগে ২০২০ সালে এই সিরিজের প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয় সিনেমাটি মুক্তি পেয়েছিল। দুই বছর পর আগামী ১ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে সিরিজের এই তৃতীয় সিনেমাটি।
ভিজুয়াল স্টোরি