
ইংলিশদের সঙ্গে এভাবেই আগ্রাসী ভূমিকায় দেখা যায় নাহিদ রানাকে। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর উত্তেজিত প্রতিক্রিয়া দেখান নাহিদ। উইকেট নেওয়ার পর তিনি আগ্রাসী ভঙ্গিতে ব্যাটারের দিকে এগিয়ে যান এবং প্রতিপক্ষকে উসকে দিতে পারে এমন আচরণ করেন বলে অভিযোগ আইসিসির।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। এই ধারা অনুযায়ী, আউট হওয়ার পর ব্যাটারকে লক্ষ্য করে অপমানজনক ভাষা বা উসকানিমূলক আচরণ নিষিদ্ধ।
ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন। পরে নাহিদ রানা অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ফলে বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই। আইসিসির নিয়ম অনুযায়ী চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে সাসপেনশন ঝুঁকি তৈরি হয়। তবে আপাতত নিষেধাজ্ঞার মুখে না পড়লেও ভবিষ্যতে এমন আচরণ এড়াতে সতর্ক থাকতে হবে এই তরুণ পেসারকে।