
চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির খোঁজ নিতে হাসপাতালে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত
মালদ্বীপে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল। বুধবার (১০ জুন) দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ এবং কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল অসুস্থ ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এসময় তারা প্রবাসীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার সন্ধানে সাত বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। সম্প্রতি কর্মস্থলে এক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে জরুরি অস্ত্রোপচারের পরামর্শ দেন। বর্তমানে তিনি রাজধানীর এডিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিদেশে প্রবাসীদের যেকোনো সংকটে দূতাবাসের এমন দ্রুত ও মানবিক তৎপরতা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, অসুস্থ প্রবাসীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন। ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে তার পরিবার এবং মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।