
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠানের নতুন রেকর্ড
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বমঞ্চের মহোৎসব যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে শুধু আয়োজক দেশের সংখ্যাতেই নয়, ২০২৬ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের উপহার দিতে যাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। প্রচলিত প্রথা ভেঙে এবার টুর্নামেন্টের প্রথম দিনেই তিনটি আলাদা শহরে আয়োজিত হতে যাচ্ছে তিনটি পৃথক ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল সিউলে। এবার তিন দেশই নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও জাতীয় পরিচয় বিশ্বের দরবারে আলাদাভাবে মেলে ধরার এই অনন্য সিদ্ধান্ত নিয়েছে।
গ্রেট এই ফুটবল মহোৎসবের প্রথম পর্দা উঠছে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে আফ্রিকান পরাশক্তি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার ঠিক ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত সাড়ে ১১টায় শুরু হবে মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান।
দেশটির সমৃদ্ধ আদিবাসী ঐতিহ্য, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ কাগজের কারুশিল্পের প্রদর্শনী দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই (লেটস গো)’ নিয়ে মঞ্চ কাঁপাবেন পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়।
এছাড়া আলেহান্দ্রো ফার্নান্দেজ, জে বালভিন, মানা ও টাইলার মতো বিশ্বখ্যাত একঝাঁক তারকা পারফর্ম করবেন। এই ঐতিহাসিক দিনটিকে উদযাপন করতে মেক্সিকো সরকার দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে এবং সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ ছুটি ও ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ব্যবস্থা করেছে।
অন্যদিকে, উত্তর আমেরিকার আরেক দেশ কানাডার টরন্টো স্টেডিয়ামে বসবে দ্বিতীয় উদ্বোধনী আসর। সেখানে স্বাগতিক কানাডা লড়বে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে টরন্টোর এই বিশেষ অনুষ্ঠানটি শুরু হবে এবং ম্যাচ গড়ায় রাত ১টায়। কানাডার ইতিহাস, গৌরব ও বিচিত্র সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে একটি বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হবে।
এই মঞ্চে সুরের জাদু ছড়াতে হাজির থাকবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও নোরা ফাতেহি। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় আন্তর্জাতিক ডিজে ও সঙ্গীতশিল্পী সঞ্জয়। সব মিলিয়ে তিনটি ভিন্ন ভেন্যুর এই ত্রিমুখী আয়োজন ফুটবল বিশ্বকাপকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। এরপর সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ প্যারাগুয়ে।
বৃহৎ ভিজ্যুয়াল উপস্থাপনা, আধুনিক প্রযুক্তিনির্ভর মঞ্চায়ন এবং গল্পভিত্তিক পরিবেশনার পাশাপাশি গান পরিবেশন করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা ও টাইলারের মতো বিশ্বখ্যাত শিল্পীরা।
মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেস—তিন শহরের অনুষ্ঠান হবে ভিন্ন ভিন্ন আবহ ও উপস্থাপনায়। তবে তিন আয়োজনের মূল বার্তা একটাই—সংস্কৃতি, সংগীত ও ফুটবলের শক্তিতে বিশ্বের মানুষকে এক সুতোয় গাঁথা।
বিশ্বকাপের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। অলিম্পিকসহ একাধিক বৈশ্বিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করা বালিচ জানিয়েছেন, প্রতিটি আয়োজনের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, তবে সবগুলোই ফুটবলের ঐক্য ও সম্প্রীতির বার্তাকে সামনে নিয়ে আসবে।
ভিজুয়াল স্টোরি