
ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ, এমপি বলেছেন, বাজেটে রাজস্ব আদায় ও ঘাটতির যে হিসাব তুলে ধরা হয়েছে, তা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বাজেট পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার প্রায় আড়াই লাখ কোটি টাকার বাজেট ঘাটতির কথা বললেও প্রকৃত পরিস্থিতিতে এই ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা অত্যন্ত কঠিন।
ড. আতিক মুজাহিদের মতে, অর্থনীতির বর্তমান গতি, বিনিয়োগ পরিস্থিতি, আমদানি-রপ্তানি প্রবৃদ্ধি এবং কর আহরণের বিদ্যমান চিত্র বিবেচনায় রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। ফলে সরকারকে অতিরিক্ত ঋণ গ্রহণ বা ব্যয় সংকোচনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।
তিনি আরও বলেন, বাজেটে অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, কৃষি ও পরিবহন খাতে বড় ধরনের ব্যয়ের পরিকল্পনা থাকলেও এর অর্থায়নের উৎস স্পষ্ট নয়। রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত সাফল্য না এলে এসব কর্মসূচি বাস্তবায়নেও চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, প্রস্তাবিত আয় অর্জিত না হলে বাজেট বাস্তবায়নের চাপ বাড়বে এবং সরকারের ঋণনির্ভরতা আরও বৃদ্ধি পেতে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখাও কঠিন হয়ে উঠবে।