
ছবি: সংগৃহীত
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। লাইসেন্স বাতিলের এই ঘোষণা আসার পরপরই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালটি ঘিরে কড়া পাহারা ও অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে লাইসেন্স বাতিলের আদেশ জারির পর থেকেই মগবাজারের হাসপাতালটির প্রতিটি প্রবেশদ্বারে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ২৭ মে সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয়টি নবজাতকের মৃত্যু হয়।
এই ঘটনার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই নবজাতকগুলোর মৃত্যু হয়েছে। এই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য প্রথমে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করে। পরবর্তীতে গত ৯ জুন তারা লিখিত জবাব দাখিল করলেও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তা গ্রহণযোগ্য মনে হয়নি। ফলে ১৯৮২ সালের চিকিৎসা প্রতিষ্ঠান অধ্যাদেশের ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়।
অবশ্য আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী রবিবার তারা সরকারের কাছে নিয়ম অনুযায়ী আপিল আবেদন করবেন।