
সংগৃহীত ছবি
আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ১০০ আসনের একটি অস্থায়ী আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে এটি ইতোমধ্যে ‘বিশ্বকাপ জেল’ নামে পরিচিতি পেয়েছে।
স্থানীয় প্রশাসনের মতে, বিশ্বকাপ চলাকালে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থীর আগমন ঘটতে পারে। বিপুল জনসমাগমের কারণে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং ছোটখাটো অপরাধে জড়িত ব্যক্তিদের সাময়িকভাবে আটক রাখার জন্য এই মডুলার কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপ পর্ব ও নকআউট পর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ ছাড়াও আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলগুলো শহরটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানান, বিশ্বকাপ শুরুর আগেই কেন্দ্রটি চালুর লক্ষ্য থাকলেও প্রকল্পের কাজ এখনো নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোয়নি। অন্যদিকে কাউন্সিলম্যান ওয়েস রজার্স বলেন, বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের সময় অতিরিক্ত জনসমাগম সামাল দিতে এমন ব্যবস্থা প্রয়োজন হতে পারে।
তবে পরিকল্পনাটি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। কিছু অধিকারকর্মী ও অভিবাসনবিষয়ক সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে, ভবিষ্যতে এটি অভিবাসন আটক কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। যদিও সিটি কর্তৃপক্ষ দাবি করেছে, কেন্দ্রটি শুধুমাত্র ছোটখাটো অপরাধ বা পৌর আইন লঙ্ঘনের ঘটনায় আটক ব্যক্তিদের জন্য ব্যবহৃত হবে এবং গুরুতর অপরাধীদের সেখানে রাখার কোনো পরিকল্পনা নেই।
কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।