
ছবি: সংগৃহীত
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক গৌরবময় অর্জনের জন্য দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জানান, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই এই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। এর আগে একই মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নেওয়ায় দেশের ক্রিকেট অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
টাইগারদের এই দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি মনে করেন, ক্রিকেটের এই বড় বড় অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করে তুলবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।