
দেশে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় তিনি বলেন, কৃষি খাত, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সহজ শর্তে ঋণ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ‘প্রণোদনা তহবিল ২০২৬’ গঠন করা হয়েছে। ৬০ হাজার কোটি টাকার এ তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে আসবে।
মন্ত্রী জানান, তহবিলের আওতায় বন্ধ কলকারখানা পুনরায় চালু ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পৃথক প্রণোদনা প্যাকেজ রাখা হয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চলতি মূলধন সহায়তা ও উৎপাদন সম্প্রসারণে সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তাদের প্রকৃত ঋণের সুদের হার বাজারদরের তুলনায় অর্ধেকেরও কম হবে, যা বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রণোদনা তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।