
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো দর্শকে পরিপূর্ণ ছিল অ্যাজটেকা স্টেডিয়াম
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। ৪৮ দলের অংশগ্রহণে এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৬টি শহরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো দর্শকে পরিপূর্ণ ছিল অ্যাজটেকা স্টেডিয়াম। অনুষ্ঠান মাতিয়ে তোলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, বার্না বয় ও টাইলা। এছাড়া কলম্বিয়ান গায়ক জে বালভিনও অংশ নেন বর্ণাঢ্য আয়োজনে। স্বাগতিক তিন দেশের শিল্পীরা সংগীত ও নাচের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন দর্শকদের সামনে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের প্রতিপক্ষ ছিল।
এদিন আরেকটি ইতিহাস গড়েছে অ্যাজটেকা স্টেডিয়াম। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর ২০২৬ বিশ্বকাপেও ম্যাচ আয়োজনের মাধ্যমে এটি বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরের ম্যাচ আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে।
এবারের বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে প্রতিটি ম্যাচের আগে নতুন ধরনের বিশেষ অনুষ্ঠান চালু করেছে ফিফা।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। আর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে হাফটাইম শো আয়োজনের পরিকল্পনাও রয়েছে।